
নিউজ ডেস্কঃ প্রতিডোজ ১০ ডলার করে চীন থেকে দেড় কোটি ডোজ সিনোফার্মের টিকা কিনবে বাংলাদেশ। কভিডের টিকা নিয়ে অনিশ্চয়তার মধ্যে গত ২৭ মে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এই ঘোষণা ছিল সাধারণ জনগণের জন্য স্বস্তির বার্তা। কিন্তু এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া শুরু হয় শ্রীলঙ্কায়। কারণ ওই দেশটি চীনের কাছ থেকে একই টিকা কিনছে প্রতি ডোজ ১৫ ডলার করে। কেন বাংলাদেশের চেয়ে পাঁচ ডলার বেশি দিয়ে টিকা কিনতে হচ্ছে, তা নিয়ে জনগণের প্রশ্নের মুখে পড়ে শ্রীলঙ্কার সরকার। তারা যোগাযোগ করে শ্রীলঙ্কায় চীন দূতাবাস ও সিনোফার্মের সঙ্গে।
জানা গেছে, বাংলাদেশ চীনের কাছ থেকে কী দামে টিকা কিনবে, তা গোপন রাখার শর্ত ছিল চুক্তিতে। প্রতি ডোজ টিকা কত দামে কিনছে, তা প্রকাশ করার মাধ্যমে কার্যত চুক্তির বরখেলাপ করা হয়েছে। আর এর কারণ জানতে চেয়ে বাংলাদেশকে কূটনৈতিক বার্তা পাঠিয়েছে চীন। বিষয়টি এত জটিল হয়ে পড়েছে যে সিনোফার্মের টিকা সরবরাহ নিয়েও নতুন সংকট সৃষ্টি হতে পারে। একইভাবে প্রভাব পড়তে পারে প্রতি ডোজ টিকার দামেও। এখন বাংলাদেশকে প্রতিডোজ টিকা ১৫ ডলারে কিনতে বলা হচ্ছে। কারণ চীনের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল, দাম প্রকাশ করা হলে বাংলাদেশ বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘চীনের রাষ্ট্রদূতকে ডেকে আমরা দুঃখ প্রকাশ করেছি। কিন্তু আমাদের অবস্থা খুব বাজে হয়েছে। আমরা ভবিষ্যতে এই দামে আর টিকা কিনতে পারব না। এখন তারা অন্য দেশে যে দামে বিক্রি করে সেই দামে আমাদের কিনতে হবে। দ্বিগুণ, তিনগুণ দাম পড়বে।’