
নিউজ ডেস্কঃ দেশবাসীকে গাছ লাগানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যার যেখানে যতটুকু জায়গা আছে, গাছ লাগান। তিনটা করে গাছ লাগাতে পারলে ভালো হয়, সেটা না পারল আপনারা অন্তত একটা গাছ লাগাবেন। আমরা চাই একটা ফলদ, একটা বনজ আর একটা ভেষজ গাছ লাগাতে। শনিবার (৫ জুন) গণভবনে 'জাতীয় বৃক্ষরোপণ অভিযান ২০২১' উদ্বোধনকালে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ আমাদের রক্ষা করতে হবে। এ দেশ আমাদের। আজকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে হলে আমাদের সবুজ বাংলাকে আরো সবুজ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, বাংলাদেশকে আমরা সোনার বাংলা হিসেবে গড়তে চাই। আমি আজকের দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই।