
নিউজ ডেস্কঃ ব্রহ্মপুত্র-যমুনাসহ দেশের অধিকাংশ বড় নদ-নদীর পানি বাড়ছে। এই প্রবণতা বুধবার (৯ জুন) পর্যন্ত অব্যাহত থাকবে। জানা যায়, এসব নদ-নদীর পানি বিপৎসীমার উপরে উঠলে দেশের বেশিরভাগ এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। তবে অনেক নদ-নদীর পানি বিপদৎসীমার কাছাকাছি এলেও কোনো নদ-নদীর পানিই এখন পর্যন্ত বিপৎসীমা অতিক্রম করেনি। যদিও আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসে ভারী বর্ষণ জনিত হঠাৎ বন্যা দেখা দিতে পারে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চলে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে যা একই সময় পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অপরদিকে, পদ্মানদীর পানি সমতল স্থিতিশীল আছে যা মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এদিকে সুরমা ব্যতীত দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে যা বুধবার পর্যন্ত অব্যাহ থাকতে পারে।