
নিউজ ডেস্কঃ জলবায়ু পরিবর্তনের কারণে বাড়ছে তাপমাত্রা, এর ফলে বেড়ে গেছে বজ্রমেঘ। দেশে উঁচু গাছ কমছে দিন দিন। এতে বজ্রপাত সরাসরি ফসলের মাঠ বা খোলা জায়গায় থাকা মানুষের ওপর আঘাত হানছে। এ ছাড়া সচেতন না হওয়ায় দুর্যোগের সময় মানুষ এখনো নিরাপদ স্থানে থাকছে না। এসব কারণেই দেশে বজ্রপাত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। দেশে বজ্রপাতে গত রবিবার এক দিনেই ২৫ জনের মৃত্যু হয়েছে। আর গেল সাত দিনে অর্ধশতাধিক লোকের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটছে হাওরাঞ্চলে, যাদের বেশির ভাগই কৃষক। কয়েক বছর ধরে ঝড়বৃষ্টির মৌসুমে সাধারণত বজ্রপাতে ৩০০ থেকে ৪০০ লোকের মৃত্যু হচ্ছে। বিশ্বে সবচেয়ে বেশি বজ্রপাতের ঘটনা ঘটে ভেনিজুয়েলা ও ব্রাজিলে। সেখানকার চেয়েও বাংলাদেশে মৃতের সংখ্যা বেশি। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা অসচেতনতাকেই বেশি দায়ী করছেন। তাঁরা বলছেন, কোন পরিস্থিতিতে ঘরে থাকতে হবে, সেটা সাধারণ মানুষ জানে না। জানলেও অনেকে মেনে চলে না।
তবে থাইল্যান্ডে তালগাছ লাগিয়ে এবং ভিয়েতনামে উঁচু টাওয়ারের মাধ্যমে বজ্রপাতে মৃতের সংখ্যা কমিয়েছে। এ ছাড়া অনেক দেশই বজ্রপাত নিরোধক দণ্ড ব্যবহার করছে। অথচ বাংলাদেশে প্রতিবছর বজ্রপাতে প্রাণহানির সংখ্যা বাড়ছে। সরকার ২০১৬ সালে একে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা দিলেও তেমন কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক তাপমাত্রা ও বাতাসে সিসার পরিমাণ বেড়ে যাওয়া, বনভূমি বা গ্রামাঞ্চলে উঁচু গাছ কমে যাওয়া, জনজীবনে ধাতব পদার্থের ব্যবহার ও মোবাইল ফোনের টাওয়ারের সংখ্যা বেড়ে যাওয়া, জলাভূমি ভরাট ও নদী শুকিয়ে যাওয়া বজ্রপাতের কারণ। এ ছাড়া সব ভবনে বজ্রপাত নিরোধক রড ব্যবহার করার বিধান থাকলেও রাজধানীতে মানা হলেও অন্য জায়গায় তা আমলেই নেওয়া হয় না।