
নিউজ ডেস্কঃ কানাডার পর এবার মালয়েশিয়ায় বাংলাদেশিদের টাকা পাচারের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। ‘মালয়েশিয়ায় সেকেন্ড হোম’ করা ১৫ রাজনীতিকসহ ৩৬ জনের নামের তালিকা হাতে এসেছে দুদকের। যে তালিকায় নাম রয়েছে বর্তমান ও সাবেক এমপি; তাদের পরিবার, রাজনীতিক দলীয় কর্মী থেকে ব্যবসায়ীদের। কানাডার টরন্টো থেকে ২৫ কিলোমিটার দূরে হেয়ারউড রোডে ১২ কোটি টাকায় শফিকুল ইসলাম শিমুলের স্ত্রীর নামে কেনা বাড়ির সূত্র খুঁজতে গিয়ে ‘বেগমপাড়ার’ সাথে পরিচিত হয় বাংলাদেশ।
সে সূত্র ধরে অবৈধ সম্পদ অর্জনের খোঁজে বিদেশে সেকেন্ড হোম বা বিভিন্ন ব্যবসা বাণিজ্যে অর্থ লগ্নিকারীদের তথ্য চেয়ে সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ ১০ দেশে ৫০টির বেশি চিঠি পাঠিয়েও কোনো উত্তর পায়নি দুর্নীতি দমন কমিশন। সম্প্রতি এক চিঠির প্রতি উত্তরে মালয়েশিয়ায় ৩৬ জনের সেকেন্ড হোমের তথ্য হাতে পেয়েছে দুদক। এর মধ্যে ১৫ জন সাবেক ও বর্তমান সংসদ সদস্য ও রাজনৈতিক কর্মীর পাশাপাশি ৫ জন ব্যবসায়ী, একজন সচিব ছাড়া আরও ১৫ ব্যক্তি রয়েছেন। যার বেশিরভাগই পাচারকৃত অর্থ বাণিজ্যিক ওভার ও আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।