News71.com
 Bangladesh
 12 Jun 21, 08:56 PM
 213           
 0
 12 Jun 21, 08:56 PM

৯৯৯ নম্বরে ফোনকলে দগ্ধ গৃহকর্মী উদ্ধার।। তরুণী আটক

৯৯৯ নম্বরে ফোনকলে দগ্ধ গৃহকর্মী উদ্ধার।। তরুণী আটক

 

 

নিউজ ডেস্কঃ জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক কলারের ফোনকলে রাজধানীর উত্তরা থেকে নিশা (১৮) নামে দগ্ধ এক গৃহকর্মীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুন) জাতীয় জরুরিসেবা থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার বেলা সাড়ে ১২টায় একজন কলার ঢাকার উত্তরার ৯ নম্বর সেক্টরের সাত ‘সি’ সড়কের ২০ নম্বর বাড়ি থেকে ফোন করে জানান, বাড়িটিতে এক নারী গৃহকর্মীকে এক গৃহকর্তার মেয়ে প্রচণ্ড মারধর ও গরম পানি ছুঁড়ে আহত করে একটি রুমে আটকে রেখেছে। 

 

আরও জানান তিনি প্রতিবেশী, তিনি আটক গৃহকর্মীর আর্তনাদ ও কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলেন।  ৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি উত্তরা পশ্চিম থানায় জানিয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানায়। সংবাদ পেয়ে উত্তরা পশ্চিম থানার একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায়। পরে উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) কাঞ্চন ৯৯৯-কে ফোনে জানান, তারা নির্যাতনের শিকার গুরুতর আহত গৃহকর্মী নিশাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে পাঠিয়েছেন এবং নির্যাতনের অভিযোগে গৃহকর্তার মেয়ে তানজিনা রহমানকে (২৪) আটক করে থানায় নিয়ে আসেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন