
নিউজ ডেস্কঃ বিসিকের ‘ওয়ান স্টপ সার্ভিস’ কে ‘নন স্টপ সার্ভিস’ দিতে হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, ‘ওয়ান স্টপ সার্ভিস’ যেন কার্যকর ‘ওয়ান স্টপ সার্ভিস’ই হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ওয়ান স্টপ সার্ভিস হওয়াতে যেমন আনন্দ, তেমনি দায়িত্ব অনেক বেশি। বিসিকের অন্যান্য সব ক্ষেত্রের মত এই ‘ওয়ান স্টপ সার্ভিস’ যেন সফল হয়। আজ থেকে বিসিকের ‘ওয়ান স্টপ সার্ভিস’ সেন্টার উদ্বোধনের মাধ্যমে বিসিক নতুন যুগে প্রবেশ করলো। এর ফলে নতুন নতুন বিনিয়োগ ও শিল্পায়নের গতি ত্বরানিত হবে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
রোববার (১৩ জুন) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) ‘ওয়ান স্টপ সার্ভিস’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিসিকের চেয়ারম্যান মো. মোশতাক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম, শিল্পসচিব জাকিয়া সুলতানা এবং এসবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, দেশে শিল্পায়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আমরা মনে করি, অন্যান্য অনেক ক্ষেত্রের মতো বাংলাদেশে শিল্পায়নের ব্যাপারেও আমরা নতুন ইতিহাস তৈরিতে সক্ষম হবো। বিসিকের চলমান কার্যক্রম এই ইতিহাস তৈরিতে অগ্রণী ভূমিকা রাখবে। এক্ষেত্রে শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।