
নিউজ ডেস্কঃ জামায়াত-হেফাজত ও তেঁতুল হুজুররা আসলে কোনো আলেম নয় মন্তব্য করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, 'এরা মুখোশ পরা জঙ্গি। তারা রাজাকারপন্থী ও পাকের অনুচর। এই তিন ভাইরাস পুষে রেখে জীবনও বাঁচবে না। জীবিকাও বাঁচবে না। তাদের কোনো ছাড় না দিয়ে ধ্বংস করতে হবে। জঙ্গি-দুর্নীতি-করোনা এই তিন ভাইরাসকে ধ্বংস করে সুশাসন ও সমাজতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে।' মঙ্গলবার (১৫ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ইনু বলেন, পুরনো স্বভাব না বদলিয়ে বিএনপি এই জঙ্গি-সন্ত্রাসীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তারা এখনো জঙ্গি-সন্ত্রাসী তেঁতুল হুজুরদের রক্ষা করার জন্য বক্তব্য-বিবৃতি দিয়েই চলেছে।
সম্প্রতি একটি রাডার কেনায় দুর্নীতির প্রসঙ্গে তিনি বলেন, দুর্নীতির একটি ভয়ংকর খবর জানা গেছে সাম্প্রতিককালে। ১৭৫৫ কোটি টাকা দিয়ে রাডার কেনার সব আয়োজন সম্পন্ন হয়েছিল। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সেই রাডার কেনা হয়েছে মাত্র ৬৩০ কোটি টাকায়। কারা এই টাকা লুটপাট করে খাওয়ার আয়োজন করেছিল? হাতের পর হাত, ঘাটের পার ঘাট ঘুরে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার পর চুরির ঘটনা ধরা পড়ল। বাজেটে বরাদ্দ তাই যথেষ্ট নয়। বরাদ্দ অর্থ ব্যয়, প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন সব ক্ষেত্রেই দুর্নীতিবাজ-লুটেরাসের সিন্ডিকেটের আঁচড় বিদ্যমান। সরকারের সামগ্রিক কেনাকাটায় স্বচ্ছতা আনতে হবে। চিহ্নিত দুর্নীতিবাজদের সিন্ডিকেট ধ্বংস করতে হবে। কালোটাকা বাজেয়াপ্ত করতে হবে। তারেক-কোকোর পাচারকৃত অর্থের মতো বেগমপল্লীর সেকেন্ড হোমের পাচারের অর্থও ফেরত আনতে হবে। দুর্নীতিবাজদের কারাগারে পাঠাতে হবে।