
নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে উত্তরের সীমান্তবর্তী জেলা রাজশাহীতে ‘বিশেষ লকডাউনের’ মেয়াদ আরও এক সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে।বুধবার (১৬ জুন) রাতে রাজশাহী সার্কিট হাউসে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এই বিশেষ লকডাউনের মেয়াদ আগামী ২৪ জুন মধ্যরাত পর্যন্ত বাড়ানোর কথা গণমাধ্যমকে জানান।
সভায় রাজশাহী জেলায় করোনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ও মৃত্যু হার বিশ্লেষণ করেন জেলা প্রশাসক আবদুল জলিল। পরে মেয়র এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। এর আগে গত ১০ জুন রাতে রাজশাহী সার্কিট হাউসে অনুষ্ঠিত জরুরি বৈঠক থেকে বিশেষ লকডাউনের আদলে কঠোর বিধিনিষেধ জারি করে জেলা প্রশাসন। ১১ জুন বিকেল ৫টা থেকে ১৭ জুন মধ্যরাত (১২ টা) পর্যন্ত এক সপ্তাহের জন্য সর্বাত্মক এই লকডাউন দেওয়া হয়েছিল। বিশেষ লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো প্রশ্নে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে কয়েক দিনের ব্যবধানে ফের সংক্রমণের হার বেড়েছে। আর মৃত্যুও কমছে না। এ কারণে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।