
নিউজ ডেস্কঃ ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রধম ধাপের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনী এলাকায় ৫৪ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া ভোটের ২৪ ঘণ্টার জন্য বন্ধ থাকবে সব ধরনের ইঞ্জিন চালিত যান চালাচল। ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান বুধবার (১৬ জুন) নির্দেশনাটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং নৌ-মন্ত্রণালয়কে পাঠিয়েছে। নির্দেশনায় জেলা প্রশাসকদের মাধ্যমে বিষয়টি বাস্তবায়নের জন্য বলা হয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, আগামী ২১ জুন দেশের ২০৪টি ইউপিতে প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১৯ জুন মধ্যরাত ১২টা থেকে ২২ জুন সকাল ৬টা পর্যন্ত মটর সাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসি। এছাড়া ২০ জুন মধ্যরাত ১২টা থেকে ২১ জুন মধ্যরাত ১২টা পর্যন্ত সব ধরনের ইঞ্জিন চালিত নৌযান ও যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে নির্বাচন কমিশন কর্মকর্তা, ভোটগ্রহণ কর্মকর্তা, আইন-শঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বহনকারী গাড়ি। মহাসড়কে চলাচলকারী দূরপাল্লার গাড়ি, বন্দর ও জরুরি পণ্য পরিবহনের গাড়িও নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।