
নিউজ ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ঊর্বর ভূমি সংরক্ষণের পাশাপাশি সবুজ অর্থনীতি ও টেকসই ভবিষ্যত গড়তে ২০৩০ সালের মধ্যে ভূমির অবক্ষয় শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার। তিনি বলেন, সরকার শুষ্কতা ও মরুকরণ প্রতিরোধে পানির অপ্রাপ্যতা, বন উজাড়, ভূমিক্ষয় এবং পরিবেশের ওপর মানুষের অপরিকল্পিত হস্তক্ষেপ বন্ধ করতে নিরলসভাবে কাজ করছে। ইউএন কনভেনশন টু কমব্যাট ডিসার্টিফিকেশনে স্বাক্ষরকারী দেশ হিসেবে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। ‘বিশ্ব মরুকরণ ও খরা দিবস ২০২১’ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (১৭ জুন) পরিবেশ অধিদপ্তরে আয়োজিত সেমিনারে সরকারি বাসভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন মন্ত্রী। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার।
এসময় ভূমির অবক্ষয় রোধে ইটভাটায় সনাতন পদ্ধতির পরিবর্তে আধুনিক পদ্ধতি ব্যবহার করার উদ্যোগ নেওয়ার কথা উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, ২০২৫ সালের পরে সরকারি কাজে মাটির তৈরি ইট ব্যবহার করা যাবে না। মন্ত্রী বলেন, সরকার গত বছর সাড়ে আট কোটি গাছ রোপণ করেছে এবং এ বছরও আট কোটি গাছ রোপণ করবে। যেকোনো প্রয়োজনে একটি গাছ কাটা হলে পাঁচটি গাছ লাগানোর নীতি বাস্তবায়ন করা হবে। এসব উদ্যোগ ভূমির ক্ষয়রোধে কার্যকরি ভূমিকা পালন করবে।