
নিউজ ডেস্কঃ বংশাল এলাকার নির্জন সড়ক কিংবা গলির রাস্তায় পথচারীদের আটকে বিভিন্ন মূল্যবান জিনিস ছিনিয়ে নেওয়াসহ বিনা কারণে মারামারি ও সংঘর্ষ করে আসছিল একদল কিশোর। গ্যাং কালচার প্রতিষ্ঠা করতে তারা তাদের গ্রুপের নাম রাখে ‘ফাইভ স্টার ওরফে ভালগার স্কোয়াড গ্রুপ’। সেই ফাইভ স্টার গ্রুপের দুই সদস্যকে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। শুক্রবার (১৮ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে বংশাল এলাকার হাজী ওসমান গণি রোড থেকে তাদের আটক করা হয়।
আটক দু’জন হলো- মো. মিলন ওরফে পোটলা মিলন (১৭) ও মো. আবু তাওহিদ সাফির (১৭)। অভিযানে তাদের কাছ থেকে ২টি সুইচ গিয়ার চাকু ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। র্যাব-১০ এর সিও বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানী বংশাল থানাধীন আলু বাজারের হাজী ওসমান গণি রোড এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘ফাইভ স্টার ওরফে ভালগার স্কোয়াড’ গ্রুপের ২ সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে দেশি অস্ত্রও উদ্ধার করা হয়েছে।