
নিউজ ডেস্কঃ রপ্তানি পণ্যের সংখ্যা ও পরিমান বাড়াতে সেক্টরগুলোকে টেকনিক্যাল প্রশিক্ষণসহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া জন্য বিশ্ব ব্যাংকের সহযোগিতায় একশত মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে এক্সপোর্ট কমপিটিটিভনেস ফর জবস (ইসিফোরজে) নামে একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, স্থাপিত টেকনোলজি সেন্টরে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি, কারিগরি দক্ষতা বাড়িয়ে আগামী ২০২৩ সালের মধ্যে ৯০ হাজার দক্ষ জনশক্তি তৈরি করা হবে।
শনিবার (১৯ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ প্লাস্টিক গুড্স ম্যান্যুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি লিমিটেডের সহযোগিতায় অনলাইনে চার দিনব্যাপী ‘১৫তম বাংলাদেশ ইন্টারন্যাশনাল প্লাস্টিক, প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রি ফেয়ার-২০২১’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, রপ্তানি পণ্য হিসেবে প্লাস্টিক সেক্টরকে সরকার অগ্রাধিকার দিয়েছে। দেশের বর্তমান রপ্তানি বাণিজ্যের প্রায় ৮৪ ভাগ দখল করে রয়েছে তৈরি পোশাক খাত, এটা খুবই ঝুঁকিপূর্ণ। তাই সরকার দেশের রপ্তানি পণ্যসংখ্যা বাড়ানোর জন্য প্লাস্টিক, চামড়া, কৃষি, আইসিটি এবং ফার্মাসিটিক্যাল সেক্টরকে অগ্রাধিকার দিয়ে রপ্তানি নীতি প্রনয়ণ করেছে।