
নিউজ ডেস্কঃ সারাদেশে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ রোববার (২০ জুন) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সড়ক পরিবহন টাস্কফোর্সের সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, সারাদেশে রিকশা-ভ্যানের মধ্যে মোটর লাগিয়ে রাস্তায় চলছে। এসব রিকশা-ভ্যানে শুধু সামনের চাকায় ব্রেক, পেছনের চাকায় কোনো ব্রেক নেই বা ব্যবস্থা থাকলেও তা অপ্রতুল। সেগুলো যখন ব্রেক করে যাত্রীসহ গাড়ি উল্টে যায়। এই ধরনের দৃশ্য আমরা দেখেছি। আমরা দেখেছি হাইওয়েগুলোতেও এসব রিকশা চলে আসছে।
আমরা সারাদেশে প্যাডেলচালিত রিকশার বিষয়ে কিছু বলছি না। প্যাডেলচালিত রিকশাকে যারা ইঞ্জিনে রূপান্তর করেছেন সেসব রিকশা-ভ্যান বন্ধ করার সিদ্ধান্ত আজকের সভায় হয়েছে। ব্যাটারিচালিত রিকশার ব্যাপারে সিদ্ধান্ত নিলেন কিন্তু অটোরিকশা যানজটের কারণ এবং দুর্ঘটনাও ঘটছে। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আসছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেন, আমাদের নসিমন, করিমন, ভটভটি এবং ঢাকা শহরে বিভিন্ন রকমের অটোরিকশা চলছে। আমরা এখনো যানবাহনের সঠিক ব্যবস্থা করতে পারিনি। গ্রামাঞ্চলে সুন্দর রাস্তা হয়ে গেছে। সেখানে রিকশা, বাই সাইকেল কিংবা মোটর সাইকেল ছাড়া পর্যাপ্ত যানবাহন নেই। সেজন্য নসিমন, করিমন-এগুলো যানবাহনের বিকল্প হিসেবে কাজ করছে। এটা নিয়ে আমাদের আলোচনা হবে, যাতে খুব শিগগিরই এটাকে পরিমিত এবং ফাইনালি বন্ধ করা যায়, আমরা সেটা নিয়েও কাজ করবো।