News71.com
 Bangladesh
 21 Jun 21, 02:22 PM
 196           
 0
 21 Jun 21, 02:22 PM

হঠাৎ বন্যার আভাস॥ অধিক ঝুঁকিপূর্ণ অবস্থায় পর্যটন নগরী কক্সবাজার

হঠাৎ বন্যার আভাস॥ অধিক ঝুঁকিপূর্ণ অবস্থায় পর্যটন নগরী কক্সবাজার

নিউজ ডেস্কঃ বৃষ্টিপাত বাড়ায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে হঠাৎ বন্যার আভাস রয়েছে। এক্ষেত্রে অধিকতর ঝুঁকিপূর্ণ জেলা হচ্ছে কক্সবাজার। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র রোববার (২০ জুন) এ তথ্য জানিয়েছে। এক পূর্বাভাসে পাউবো জানিয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানির সমতল স্থিতিশীল আছে, যা সোমবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা নদীর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে যা আগামী মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অপরদিকে পদ্মা নদীর পানির সমতল স্থিতিশীল আছে যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীসমূহের পানির সমতল বৃদ্ধি পাচ্ছে, যা সোমবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। একই সময়ে তিস্তা নদীর পানির সমতল বৃদ্ধি পেতে পারে এবং ডালিয়া পয়েন্টে পানির সমতল বিপদসীমা অতিক্রম করতে পারে। পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানিয়েছেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও ভারত আবহাওয়া অধিদপ্তরের গাণিতিক মডেলের তথ্য অনুযায়ী, সোমবার নাগাদ দেশের দক্ষিণাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলাসমূহ এবং তৎসংলগ্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। এর ফলে এই সময়ে এ অঞ্চলসমূহে প্রধান নদীসমূহের পানির সমতল সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং কোথাও কোথাও আকস্মিক বন্যা সংঘটিত হতে পারে। কক্সবাজার জেলার টেকনাফ, উখিয়া, রামু, মহেশখালি, কুতুবদিয়া সদর উপজেলাসমূহ এই সময়ে আকস্মিক বন্যার ক্ষেত্রে অধিকতর ঝুঁকিপূর্ণ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন