
নিউজ ডেস্কঃ করোনায় মানুষের পাশে না দাঁড়ানোর জনরোষের ভয়ে চলমান উপ-নির্বাচন ও স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।সোমবার (২১ জুন) দুপুরে জেলার সার্কিট হাউজে দিনাজপুর জেলা আওয়ামী লীগের করোনা প্রতিরোধ সংক্রান্ত ত্রাণ পরিচালনা কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷
নৌ প্রতিমন্ত্রী আরো বলেন, জনগণ থেকে এতো বিচ্ছিন্ন হয়ে গেছে তারা, ভোটে যাওয়ার সাহস পাচ্ছে না। ভোট এলেই বয়কট করতেছে কারণ; এ করোনার সময়ে গত এক বছরে দেশের মানুষ তাদের আরো বেশি চিনে ফেলেছে। এরা রাজনীতি করে শুধু ক্ষমতার জন্য। তিনি বলেন, দেখতে পাবেন, বিভিন্ন স্থানীয় নির্বাচন হচ্ছে, উপ নির্বাচন হচ্ছে, তারা কিন্তু ভোটে অংশগ্রহণ করছে না। জনগণের কাছে গিয়ে ভোট চাওয়ার মতো অবস্থা তাদের নাই। জনগণতো তাদের বলবে, করোনার সময়তো আপনাদের দেখি নাই। এই ভয়ে তারা ভোটে আসছে না।