
নিউজ ডেস্কঃ পিরোজপুরের নাজিরপুরে ইউপি নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় মেম্বার প্রার্থীর কর্মীদের হামলায় পুলিশের দুই উপ পরিদর্শক (এসআই), নির্বাচনী কাজে নিয়োজিত আনসার সদস্য সহ ১৫ জন আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচনী কাজে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিজিবি সদস্যদের বহন করা গাড়ি ভাঙচুর করে। সোমবার (২১ জুন) রাতে উপজেলার সদর ইউনিয়নের সাতাকাছিমা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও গুলি নিক্ষেপ করে। এ ঘটনায় জড়িত অভিযোগে ঘটনাস্থল থেকে সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. রাকিবুল হাসান শেখসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে রাতে এ ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪০০/৫০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান হামলার ঘটনা স্বীকার করে জানান, এ সময় হামলাকারীরা তার (উপজেলা নির্বাহী কর্মকর্তা), নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিজিবি সদস্যদের বহন করা গাড়িসহ তিনটি গাড়ি ভাঙচুর করে।