
নিউজ ডেস্কঃ করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় খুলনা ও রাজবাড়িতে ‘লকডাউন’ ঘোষণা করায় মঙ্গলবার (২২ জুন) থেকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত দুটি রুটের আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন অনির্দিষ্টকালের জন্য চলাচল বন্ধ করেছে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২২ জুন) সকালে ঈশ্বরদী জংশন স্টেশন থেকে খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ও বিকেলে গোবরাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসটি পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত চলাচল করবে না।
সোমবার (২১ জুন) রাত সোয়া ১১ টায় পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন এতথ্য নিশ্চিত করেছেন। পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন দফতর থেকে জানা যায়, করোনা সংক্রমণের বিস্তার রোধকল্পে রুট সংক্ষিপ্ত করে ১১ জুন (শুক্রবার) থেকে ঈশ্বরদী জংশন স্টেশন থেকে রাজশাহী-খুলনা রেলরুটের সাগরদাঁড়ি এক্সপ্রেসটি ঈশ্বরদী-খুলনা-ঈশ্বরদী, রাজশাহী-ভাঙ্গা রেলরুটের মধুমতি এক্সপ্রেসটি, ঈশ্বরদী-ভাঙ্গা- ঈশ্বরদী রাজশাহী-চিলাহাটিগামী রেলরুটের বরেন্দ্র এক্সপ্রেস আবদুলপুর-চিলাহাটি এবং রাজশাহী-গোবরাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ঈশ্বরদী-গোবরা রুটে সঠিকসময়ে চলাচল করছিল।