
নিউজ ডেস্কঃ মহামারী করোনা ভাইরাসের ডেল্টা সংক্রামণ রোধে নারায়ণগঞ্জ জেলায় শুরু হয়েছে কঠোর লকডাউন। এসময় নারায়ণগঞ্জে প্রবেশের চেষ্টার সময় প্রায় ৩ শতাধিক যানবাহনকে ফিরে যেতে হয়েছে। মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে লকডাউন শুরু হয়েছে, যা চলবে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত। নারায়ণগঞ্জে লকডাউনে মহাসড়কে কঠোর অবস্থানে রয়েছে হাইওয়ে পুলিশ। কোনো ধরনের যাত্রীবাহী কিংবা অন্য গণপরিবহন, প্রাইভেটকার কিংবা যানবাহনকে ছাড় দেওয়া হচ্ছে না। দুপুর পর্যন্ত প্রায় ৩ শতাধিক নারায়ণগঞ্জমুখী যানবাহন ফিরিয়ে দিয়েছেন লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জানা গেছে, কঠোর লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের কয়েকটি ম্যাজিস্ট্রেট টিম নিয়ে মাঠে কাজ করছে। তার মধ্যে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের সাইনবোর্ড এলাকায় সকাল ৬টা থেকে অবস্থান নিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) গোলাম রেজা মাসুম । তিনি বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় লকডাউন কঠোরভাবে প্রতিপালনের জন্য সাইনবোর্ড এলাকায় জেলার অভ্যন্তরে প্রবেশ ও বের হওয়ায় মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। এ পর্যন্ত ২৫০ থেকে ৩০০ যানবাহন ঘুরিয়ে দিয়েছি। তবে জরুরি পরিষেবার আওতাভুক্ত কিছু পরিবহন প্রবেশ ও বের হতে দেওয়া হয়েছে।