
নিউজ ডেস্কঃ ঢাকা মহানগরীতে ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা বন্ধে মেট্রোপলিটন পুলিশ ও দুই সিটি করপোরেশনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (২২ জুন) ঢাকা যাবাহন সমন্বয় কর্তৃপক্ষ-ডিটিসিএ’র বোর্ড সভায় সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভার্চ্যুয়ালি এ সভায় যুক্ত হন। ইনার রিং রোডের ইস্টার্ন বাইপাস ও ওয়েস্টার্ন অংশের হালনাগাদকরণে ডিটিসিএ’র মাধ্যমে ঢাকার দুই সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা করে প্রকল্প প্রস্তাব চূড়ান্ত করার আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ডিটিসিএ প্রদত্ত বহুতল ভবনের জন্য ট্রাফিক ক্লিয়ারেন্স ছাড়পত্র নেওয়ার বিষয়টি আইনগত বিধি-বিধানের আওতায় রাজউকের সঙ্গে আলোচনা করে নিষ্পত্তি করতে হবে। সমন্বহীনভাবে ঢাকা সিটি করপোরেশন এলাকায় সড়ক খনন করা যাবে না। সারা বিশ্বকে বাংলাদেশের উন্নয়ন-অর্জনে শেখ হাসিনা তাক লাগিয়ে দিয়েছেন। ঢাকা শহর কেনো পিছিয়ে থাকবে?
মন্ত্রী এ বিষয়ে ডিটিসিএকে ঢাকার দুই মেয়রকে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানান। ডিটিসিএ’র বোর্ড সভায় এসময় ভার্চ্যুয়ালি যুক্ত হন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াত আইভি, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সাগুফতা ইয়াসমিন এমিলি, ডিটিসিএ’র নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ডিএমপি কমিশনার।