News71.com
 Bangladesh
 23 Jun 21, 12:22 AM
 492           
 0
 23 Jun 21, 12:22 AM

উত্তরবঙ্গে পাইপলাইনে গ্যাস সরবরাহসহ ১০ প্রকল্পের অনুমোদন॥

উত্তরবঙ্গে পাইপলাইনে গ্যাস সরবরাহসহ ১০ প্রকল্পের অনুমোদন॥

নিউজ ডেস্কঃ ‘রংপুর, নীলফামারী, পীরগঞ্জ শহর ও তদসংলগ্ন এলাকায় গ্যাস বিতরণ পাইপলাইন নেটওয়ার্ক নির্মাণ’ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এটি সহ ৪ হাজার ১৬৬ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সরকারি অর্থায়ন ৪ হাজার ১২৫ কোটি ৮২ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ৪০ কোটি ৭৯ লাখ টাকা। মঙ্গলবার (২২ জুন) শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনা গণভবন থেকে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে প্রকল্পের সার্বিক বিষয়ে ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

গ্যাস সরবরাহ প্রকল্পের মোট ব্যয় ২৫৮ কোটি ১১ লাখ টাকা। প্রকল্পের মূল উদ্দেশ্য রংপুর, সৈয়দপুর, পীরগঞ্জ, উত্তরা ইপিজেড এবং প্রস্তাবিত নীলফামারী অর্থনৈতিক অঞ্চলের শিল্প প্রতিষ্ঠান সমূহে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা। প্রকল্পের আওতায় গ্যাস বিতরণ পাইপলাইন নেটওয়ার্ক নির্মাণের মাধ্যমে রংপুর, নীলফামারী, পীরগঞ্জ শহর ও তৎসংলগ্ন এলাকায় প্রাকৃতিক গ্যাস সরবরাহ বৃদ্ধি পাবে। এর ফলে প্রকল্প এলাকায় শিল্প প্রতিষ্ঠান, বাণিজ্যিক গ্রাহক ও অন্যান্য গ্রাহকদের কাছে গ্যাস সরবরাহের মাধ্যমে এ অঞ্চলে শিল্পায়নসহ আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব হবে। সার্বিকভাবে আলোচ্য প্রকল্পটি অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সংগতিপূর্ণ এবং এসডিজির সম্পর্কিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন