
নিউজ ডেস্কঃ মৃৎশিল্পকে বাণিজ্যিকভাবে সম্প্রসারণ করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মৃৎশিল্পকে বাণিজ্যিকভাবে সম্প্রসারণ করা দরকার। এ শিল্পের সঙ্গে আমাদের মা-বোনেরা সমন্বিতভাবে কাজ করেন। বৃহস্পতিবার (২৪ জুন) রংপুরের পীরগঞ্জ উপজেলার প্রজাপাড়া-পালপাড়ায় মৃৎশিল্প সমবায় সদস্যদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া, ২২টি পানি বিশুদ্ধকরণ ট্রিটমেন্ট প্ল্যান্ট, পৌরসভার ল্যান্ডফিলিং প্রকল্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
মৃৎশিল্পের সম্প্রসারণে নারীদের বৃত্তিমূলক প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সম্ভাবনাময় এ শিল্পের বিকাশ হলে নারীরা উপকৃত হবেন, সাবলম্বী হবেন। পরিকল্পিত পীরগঞ্জ গড়ে তোলার ইচ্ছের কথা জানিয়ে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, পীরগঞ্জের সাধারণ মানুষের চাহিদার ওপর ভিত্তি করে ২২টি পানি বিশুদ্ধকরণ আয়রন প্ল্যান্ট সফলভাবে স্থাপন করা হয়েছে, যা পীরগঞ্জবাসীর সুপেয় পানির সংকট কাটিয়ে তুলবে। পীরগঞ্জ পৌরসভার সার্বিক উন্নয়নে ল্যান্ডফিলিং কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ। প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়নে পরিকল্পিত পীরগঞ্জ গড়ে তোলা সম্ভব।