
নিউজ ডেস্কঃ করোনার সংক্রমণের কারণে বাতিল হওয়া যাত্রীবাহী ট্রেনের অগ্রিম টিকিট গ্রহীতাদের টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে। আজ শুক্রবার (২৫ জুন) সকাল থেকে টিকিট কাউন্টার থেকে টাকা ফেরত দেওয়া শুরু হয়। আগামী ৩০ জুন পর্যন্ত টিকিটের টাকা ফেরত নেওয়া যাবে। শুক্রবার সকালে বাংলাদেশ রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব সম্মানিত যাত্রী সাধারণ চলতি মাসের ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকেট কিনেছেন তাদের আজ ২৫ জুন থেকে আগামী ৩০ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ছয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টিকিট ফেরত দিয়ে টিকিটে উল্লেখিত সমপরিমাণ টাকা ফেরত নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এর আগে গত ২২ জুন দিনগত রাত ১২টা থেকে বন্ধ হয়ে যায় সবধরনের যাত্রীবাহী ট্রেন। প্রাথমিকভাবে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। তবে ম্যাংগো ট্রেনসহ সব পণ্যবাহী ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।ী