
নিউজ ডেস্কঃ যশোরের অভয়নগর উপজেলার আলীপুর এলাকায় দাঁড়ানো ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুই আনসার সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (২৫ জুন) দুপুর আড়াইটার দিকে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া গ্রামের সমশের আলীর ছেলে সাহাদাত হোসেন (৩৩) ও কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা সদর গ্রামের মোকসেদ আলীর ছেলে নজরুল ইসলাম (৩৫)।
নিহত সাহাদাত যশোরের নাভারণ আনসার ব্যাটালিয়নে ও নজরুল খুলনার এলাহীপুর আনসার ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, দুপুরে নজরুল ও সাহাদাত মোটরসাইকেলে করে যশোর থেকে খুলনার দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন নজরুল। এক পর্যায়ে মোটরসাইকেলটি আলীপুর এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে মহাসড়কের ওপর তারা ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক নজরুলের মৃত্যু হয়। স্থানীয়রা আহত সাহাদাতকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগেই তার মৃত্যু হয়।