
নিউজ ডেস্কঃ শারিরীক প্রতিবন্ধীদের পুনর্বাসনের জন্য ব্যাটারি চালিত রিকশা, ইজি বাইক চালানোর বৈধতা চান প্রতিবন্ধী ঐক্য সমাজ। শনিবার (২৬ জুন) সকাল ১১ টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটি আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। বক্তারা বলেন, আমরা শারীরিক ভাবে প্রতিবন্ধী। আমাদের সরকারি ভাতা মাত্র ৭৫০ টাকা। আমাদের পরিবার আছে, ছেলে-মেয়ে আছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বসবাসরত কামরাঙ্গীরচর, লালবাগ, হাজারীবাগ, কেরানীগঞ্জ, জুরাইন, মুগদা, মান্ডা, খিলগাঁও এলাকার প্রায় ৮০০ শারিরীক প্রতিবন্ধী বেকার হয়ে পরেছে। শারীরিক অক্ষমতার কারণে ব্যাটারি চালিত রিকশা চালিয়ে জীবকা নির্বাহ করছি। কিন্তু সরকার এসব যানবাহনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। তাই অন্তত যারা শারীরিকভাবে অক্ষম তাদের ব্যাটারি চালিত রিকশা বা ব্যাটারি চালিত গাড়ি চালানোর অনুমতি চাচ্ছি। মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ কেন্দ্রীয় কমিটি প্রতিবন্ধী ঐক্য সমাজের সভাপতি মো. আল মাহমুদ হোসেন, সহ-সভাপতি মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক মো. আলমগীর, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল, কোষাধক্ষ্য মো. মোশারফ হোসেন প্রমুখ।