
নিউজ ডেস্কঃ খুলনার তিনটি করোনা ডেডিকেটেড হাসপাতালে যেন ক্রমান্বয়ে মরদেহের ভারে ভারী হয়ে উঠছে। একের পর এক মৃত্যুর ঘটনায় কান্নাও যেন থামছে না। গত ২৪ ঘণ্টায় খুলনায় করোনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জন, খুলনা জেনারেল (সদর) হাসপাতালের করোনা ইউনিটে দুই জন এবং বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিন জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়েছে চিকিৎসাধীন ছিলেন তারা।
খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান,গত ২৪ ঘণ্টায় খুলনা করোনা হাসপাতালে রেড জোনে ৯ জন ও ইয়ালো জোনে তিনজনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে ভর্তি হয়েছেন ৪২ জন, আবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন। আর আইসিইউতে রয়েছেন ১৯ জন। খুলনার ১৩০ শয্যার করোনা হাসপাতালে ১৬০ জন চিকিৎসাধীন রয়েছেন। খুলনা ২৫০ জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, সদর হাসপাতালের করোনা ইউনিটে দুইজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- বাগেরহাটের কাশিমপুরের আতিয়ার রহমান মল্লিক (৬৫) ও সাতক্ষীরার কালীগঞ্জের অলি উল্লাহ্ (৬৭)। গত ২৪ ঘন্টায় এ হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছেন ১২ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন। ভর্তি ছিলেন ৬৮ জন, এর মধ্যে ৩৩ জন পুরুষ ও ৩৫ জন নারী।