News71.com
 Bangladesh
 27 Jun 21, 10:41 PM
 251           
 0
 27 Jun 21, 10:41 PM

সহায়তার নামে রোহিঙ্গাদের মধ্যে উগ্রবাদ প্রচার করছে আনসার আল ইসলাম॥

সহায়তার নামে রোহিঙ্গাদের মধ্যে উগ্রবাদ প্রচার করছে আনসার আল ইসলাম॥

নিউজ ডেস্কঃ মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের কক্সবাজারের ক্যাম্পে সহায়তার নামে উগ্রবাদ মতাদর্শ প্রচারের চেষ্টা চালায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। দেশ ও বিদেশ থেকে সাদকাহ ও যাকাত সংগ্রহ করার আড়ালে জঙ্গি অর্থায়ন করে আসছে সংগঠনটি। শনিবার (২৬ জুন) দিনগত রাতে রাজধানীর রামপুরা এলাকায় অভিযান চালিয়ে আনসার আল ইসলামের ৩ সদস্যকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গ্রেফতাররা হলেন-সাইয়েদ তাইমিয়া ইবরাহীম ওরফে আনোয়ার, মারুফ চৌধুরী মিশু ওরফে ফারহান ও ফয়জুল মোরসালিন। তারা সবাই আনসার আল ইসলামের একটি মডিউল বা সেলের সদস্য। সিটিটিসি জানায়, আনসার আল ইসলামের সদস্যরা ২০১৭ সাল থেকেই কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে অনুদান সাহায্য দেওয়ার নামে সক্রিয়। গ্রেফতার মারুফ চৌধুরী মিশু ওরফে ফারহান অবস্থান নিয়ে রোহিঙ্গাদের মধ্যে উগ্রবাদ মতাদর্শ প্রচার ও উদ্বুদ্ধ করার চেষ্টা চালান।

রোববার (২৭ জুন) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আনসার আল ইসলাম সাংগঠনিক ভিত্তি মজবুত করার লক্ষ্যে একই মতাদর্শে বিশ্বাসী ব্যক্তিদের মাধ্যমে বিভিন্ন অনলাইন ও অফলাইন প্লাটফর্মে প্রচারনা চালিয়ে সংগঠনের জন্য নতুন সদস্য ও অর্থ সংগ্রহ করে আসছিল। এছাড়াও তাদের সংগঠনের সদস্যরা জনকল্যাণমূলক কাজ বা চ্যারিটির নামে দেশ ও বিদেশ থেকে সাদকাহ ও যাকাত সংগ্রহ করার আড়ালে জঙ্গি অর্থায়ন করে আসছিল বলে জানা গেছে। এখন তারা ৩-৫ জনের গোপন সেল বা মডিউলের মাধ্যমে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এই গোপন সেল বা মডিউলের সদস্যরা কাট আউট পদ্ধতিতে রিক্রুট হয়। ফলে ভিন্ন ভিন্ন সেল বা মডিউলের সদস্যরা কেউ কাউকে চিনতে পারেন না। গ্রেফতাররা বিভিন্ন ধরনের এনক্রিপ্টেড অ্যাপসের মাধ্যমে নিজেরা যোগাযোগ করতেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন