
তন্ময় ভক্তঃ আগামীকাল সোমবার থেকে সীমিত আর বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউনের কথা শোনার পর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১ জেলার মানুষ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ পথের দিকে। তবে জেলার প্রবেশদ্বারে পুলিশের চেক পোস্ট অতিক্রম করে কোনো গাড়ি ঢুকতে না পারায় পায়ে হেঁটেই যাত্রা করছেন অনেকেই। রোববার (২৭ জুন) দুপুর সোয়া ১২টার দিকে মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে শত শত যাত্রী হেঁটে পাটুরিয়া ঘাটের অভিমুখে যাত্রা করেছেন এমন চিত্র দেখা যায়। আর সুযোগটা কাজে লাগিয়ে মোটরসাইকেল রিকশা ও ভ্যান চালকরা তাদের কাছ থেকে কয়েকগুন ভাড়া আদায় করছেন এমন অভিযোগ করেন একাধিক যাত্রী। সরেজমিনে দেখা যায়, লকডাউনের খবর শোনার পর থেকে মানিকগঞ্জ জেলার প্রবেশদ্বার দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শত শত মানুষ স্বাস্থ্যবিধি উপেক্ষা করে যে যেভাবে পারছে সেভাবেই যাত্রা করছে পাটুরিয়া ঘাটের দিকে। পুলিশের চেকপোস্ট ফাঁকি দিয়ে কিছুদূর আসার পর রিকশা, ভ্যান ও মোটরসাইকেলে করে রওনা হচ্ছে নিজ নিজ গন্তব্যে। পুলিশের চেকপোস্ট দেখা মাত্রই তাদের নামিয়ে দিয়ে গ্রামের রোড দিয়ে পুনরায় নিয়ে যাচ্ছে পাটুরিয়া ঘাট এলাকায়। এতে করে মহামারি করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি প্রতিনিয়তই বাড়ছে জেলা শহরসহ উপজেলাগুলোতে।
যশোরগামী নারী যাত্রী আসমা সিদ্দিক বলেন, আমি একটি এনজিওতে চাকরি করি। লকডাউনের কারণে এখন গ্রামের বাড়িতে যাচ্ছি। ঢাকা থেকে ভোর বেলায় রওনা হয়েছি কিন্তু মানিকগঞ্জ জেলার প্রবেশ পথে আসার পর প্রাইভেটকার থেকে আমাদের নামিয়ে দিয়েছে চালক। কারণ জেলায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে পুলিশ ও ম্যাজিস্ট্রেটরা মামলা দেয়। সে কারণে এখন হেঁটে পাটুরিয়া ঘাটে যাচ্ছি। শুনেছি কিছু দূর গেলেই রিকশা বা ভ্যানে করে যাওয়ার ব্যবস্থা আছে। লিয়াকত নামে ফরিদপুরগামী যাত্রী বলেন, রাস্তায় ভোগান্তি আছে এটা শুনেছি কিন্তু এতটা খারাপ অবস্থা জানা ছিলো না। বারবারিয়া থেকে প্রতি জন মোটরসাইকেলে পাটুরিয়ার ভাড়া চাচ্ছে পাঁচ শতাধিক টাকা অথচ নরমাল সময়ে যার ভাড়া ৬০ টাকা। একে তো লকডাউনের কারণে ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ করে গ্রামে যাচ্ছি, যে টাকা নিয়ে গ্রামে যাবো সেই টাকা এখন রাস্তায় দিয়ে যেতে হবে বলে মনে হচ্ছে।
মানিকগঞ্জ জেলার প্রবেশদ্বারে দ্বায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জামিউল বলেন, ঢাকা জেলা থেকে কোনো গাড়ি মানিকগঞ্জের সীমানায় ঢুকতে দেওয়া হচ্ছে না তবে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন ও সাধারণ পণ্যবোঝাই ট্রাক এর আওতাধীন নয়। যে সব যানবাহন সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জেলায় ঢোকার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা করছি যাতে করে কোনো যাত্রী বোঝাই প্রাইভেটকার, মাইক্রোবাস ঘাট এলাকায় প্রবেশ করতে না পারে। এছাড়া সাধারণ যাত্রীদের আমরা বুঝাচ্ছি এবং তাদের নিজ নিজ জায়গাতে ফিরে যেতে অনুরোধ করছি।