News71.com
 Bangladesh
 28 Jun 21, 12:09 PM
 415           
 0
 28 Jun 21, 12:09 PM

মগবাজারে বিস্ফোরণ হৃদয়বিদারক॥ বিএনপি মহাসচিব ফখরুল

মগবাজারে বিস্ফোরণ হৃদয়বিদারক॥ বিএনপি মহাসচিব ফখরুল

নিউজ ডেস্কঃ রাজধানীর মগবাজারে বিস্ফোরণে এ পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে অন্তত সাতজনের মৃত্যু ও অনেক মানুষ আহত হওয়ার ঘটনাকে হৃদয়বিদারক উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৭ জুন) দিনগত রাতে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, রাজধানীর মগবাজারে বিস্ফোরণে অন্তত সাতজনের প্রাণহানি ও অনেক মানুষের আহত হওয়ার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মস্পর্শী। এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত ও আহতদের পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি।

তিনি বলেন, বর্তমান সরকারের শাসনামলে রাজধানীর বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ডসহ বিভিন্ন ধরনের বিস্ফোরণে মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সরকার ও সিটি কর্পোরেশন এসবের পুনরাবৃত্তিরোধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ দূরের কথা, বরং সবসময় উদাসীন থেকেছে। সব ধরনের অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনার পর সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হলেও সব তদন্তই ঢাকাবাসীকে হতাশ করেছে। এসব মর্মস্পর্শী ঘটনা থেকে শিক্ষা নিয়ে তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের উদাসীনতায় একের পর এক দুর্ঘটনায় অসংখ্য প্রাণ ঝরে যাচ্ছে, মানুষ সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন