
নিউজ ডেস্কঃ দেনায় জর্জর বিআরটিসির লকডাউন–আতঙ্ক এমনিতেই শতকোটি টাকার দেনায় জর্জর সরকারের পরিবহন সংস্থা বিআরটিসি। প্রায় সব বাস ডিপোতে বেতন বকেয়া পড়ে আছে। অবসরে যাওয়া কর্মীরা বকেয়া পাওনার জন্য ঘুরছেন। এমন পরিস্থিতিতে আবারও সোমবার থেকে গণপরিবহনের চলাচল বন্ধের সিদ্ধান্ত দিয়েছে সরকার। এই পরিস্থিতিতে আসন্ন ঈদুল আজহায় বিআরটিসির কর্মীরা বেতন ও বোনাস নিয়ে শঙ্কায় পড়েছেন। করোনা সংক্রমণ বেড়ে গেলেই সরকার লকডাউন বা বিধিনিষেধ আরোপ করে। এই বিধিনিষেধের প্রথম খড়্গটা পড়ে গণপরিবহন খাতে।
বিআরটিসি সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠানটির কর্মীর সংখ্যা ৩ হাজার ১৩০। নিজ নিজ ডিপোর আয় থেকে তাঁদের বেতন হয়। সংস্থাটি যাত্রী ও মালামাল পরিবহনের পাশাপাশি জমি-ভবন ভাড়া দিয়েও বেশ টাকা আয় করে। সব মিলিয়ে মাসে গড়ে ১২ কোটি টাকা আয় হয়। ছয় কোটি টাকা চলে যায় অবসরে যাওয়া কর্মীদের সুবিধা পরিশোধে এবং পরিবহন রক্ষণাবেক্ষণে। আর প্রতিমাসে বেতন লাগে সাড়ে ৭ কোটি টাকার মতো। অর্থাৎ স্বাভাবিক সময়েই আয়ের তুলনায় ব্যয় কিছুটা বেশি। দীর্ঘদিন ধরেই প্রতি মাসে আয়-ব্যয়ের মধ্যে ঘাটতি চলে আসছে। করোনা সংক্রমণে লকডাউনের কারণে সেই আয়ও হচ্ছে না। সব মিলিয়ে বর্তমান ও অবসরে যাওয়া কর্মীদের কাছে প্রায় ১০০ কোটি টাকা দেনা রয়েছে বিআরটিসির।
বিআরটিসি সূত্র জানায়, করোনা মহামারির শুরু থেকে সরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের আনা-নেওয়ায় নিয়োজিত রয়েছে বিআরটিসির ৫০টির মতো বাস। এসব বাসের ভাড়া বাবদ প্রায় আড়াই কোটি টাকা আটকে আছে। বিআরটিসির কর্মকর্তারা বলছেন, হাসপাতালগুলোর বিল বিভিন্ন দপ্তর ঘুরে পাস হয়ে আসতে সময় লাগে। কিন্তু ডিপোগুলোর আয়ের খাত হিসেবে হাসপাতালের কর্মীদের আনা-নেওয়ার কাজে নিয়োজিত বাসের ভাড়াও ধরা আছে। লকডাউনের কারণে বাস বন্ধ। আবার চালু বাসেরও ভাড়া পাওয়া যাচ্ছে না। ফলে কর্মীদের বেতন আটকে যাচ্ছে।