
নিউজ ডেস্কঃ ‘বেসরকারি খাত থেকে জিডিপিতে অবদান গত বছরের চেয়ে কমে এসেছে। হতে পারে এটা করোনার কারণে হয়েছে। এছাড়াও অনেক কারণ আছে যা আমরা অনেকদিন ধরে বলে আসছি। ‘ইজ অফ ডুয়িং বিজনেস’ তালিকায় আমাদের অবস্থান ১৮০টি দেশের মধ্যে ১৬৮তম। এদেশে ব্যবসার ক্ষেত্রে ট্যাক্স একমাত্র ইস্যু নয়। আরো অনেক বড় বাধা রয়েছে, যার সমাধান দরকার।’ এবারের প্রস্তাবিত বাজেট ব্যবসা ও অর্থনীতির ওপর কেমন প্রভাব ফেলবে, এ বিষয়ে এক বৈঠকে ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের চেয়ারম্যান মাসুদ খান ওপরের কথাগুলো বলেন।
সরকারের ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে দ্য অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্টস (এসিসিএ) বাংলাদেশে একটি ভার্চুয়াল গোলটেবিল বৈঠকে তিনি আরো বলেন, ‘সরকার এবার বাজেটে কয়েকটি ইন্ডাস্ট্রিতে বেশ ভানো প্রণোদনা দিয়েছে। ২.৫ শতাংশ করপোরেট ট্যাক্স কমানোর কথা বহুল আলোচিত হলেও ২ শতাংশ উইথহোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কথাটি আড়ালেই রয়ে গেছে। করপোরেট ট্যাক্সের তুলনায় এর প্রভাব অনেক বেশি।’ তিনি বলেন, ‘এই বাজেটে আয়কর বাড়েনি। সরকার ৫ বছর পর আয়কর সীমা বাড়িয়েছে ২ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা। কিন্তু আমরা যদি মূল্যস্ফীতির কথা চিন্তা করি, তবে এই আয়কর সীমা সামঞ্জ্যস্যপূর্ণ নয়। এই তিন লাখের সীমাটা খুবই কম। সরকার ইন্ডাস্ট্রির সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেছে, কিন্তু ডিমান্ডের কথা চিন্তা করেনি। আয়করের পরিমাণ কমানো হলে মানুষের হাতে যে অতিরিক্ত টাকা থাকতো তা সরাসরি ইকোনমিতে নতুন চাহিদা তৈরি করতো।’