
নিউজ ডেস্কঃ মেহেরপুরে বজ্রপাতে জিয়ারুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো দুইজন। মঙ্গলবার (২৯ জুন) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। জিয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের খোদাবক্সের জামাতা। আহতরা হলেন- একই গ্রামের জাফর আলীর ছেলে মফিজুল ইসলাম ও আবুল হোসেনের ছেলে হাবিবুর রহমান। স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, জুলপুর মাঠের জমি থেকে ধানের চারা উত্তোলন করেছিলেন কয়েকজন কৃষক। এ সময় প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে জিয়ারুল ইসলাম ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এ সময় তার পাশের কাজ করতে থাকা মফিজুল ও হাবিব আহত হন। আহত দুজনকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।