
নিউজ ডেস্কঃ জামালপুরের সীমান্তবর্তী বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে অন্তত ৬টি গ্রাম প্লাবিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) রাত থেকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পনির তোড়ে বাঁধটি ভেঙে যায়। এদিকে যমুনা, ব্রহ্মপুত্রসহ আঞ্চলিক নদীগুলোতেও পানি বাড়া অব্যাহত রয়েছে।স্থানীয়রা জানায়, পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির পানির তোড়ে উত্তর পলাশতলা গ্রামে একটি বাঁধ ভেঙে যায়। সীমান্তবর্তী সাতানিপাড়া, সোমনাথপাড়া, বালিঝুড়ি, যদুরচর ও পলাশতলায় পানি ঢুকে পড়েছে। এসব গ্রামের প্রতিটি ঘরেই এখন কোমড় পানি।
এদিকে গত ২দিন থেকে বিশেষ করে রাত থেকে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে নদ নদীর পানি অস্বাভিকভাবে বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় যমুনা, ব্রহ্মপুত্রসহ আঞ্চলিক নদীগুলোতে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি অব্যহত রয়েছে। জামালপুর পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক (গেজ রিডার) আব্দুল মান্নান জানান, বুধবার দুপুর ১২টার দিকে পানির স্তর মাপা হয়েছে ১৭.৬৭ সেন্টিমিটার। গত ২৪ ঘণ্টায় যমুনার বাহাদুরাবাদ ঘাট পয়েন্ট এলাকায় ৩৬ সেন্টি মিটার পানি বেড়েছে। বর্তমানের এখানে পানির বিপৎসীমা হলো ১৯.৫০ সেন্টিমিটার। এভাবে পানি বাড়া অব্যাহত থাকলে চলতি সপ্তাহে বিপৎসীমা অতিক্রম করে বন্যার আশঙ্কা রয়েছে।