
নিউজ ডেস্কঃ এলএসডি-ডিএমটি মাদকসহ গ্রেফতার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষার্থীর মধ্যে বাকি দুইজনকেও রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন- সৈয়দ মঈন উদ্দিন আহমেদ ওরফে শাদাব ও স্বপ্নীল হোসেন। বৃহস্পতিবার (১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক সানাউল হক আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় আসামিপক্ষে আইনজীবী শ্রী প্রাণ নাথ জামিন আবেদন করেন। জামিন শুনানিতে তিনি বলেন, শাদাবকে বাসা থেকে তুলে আনে পুলিশ। এরপর তাকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মামলায় গ্রেফতার দেখানো হয়। প্রমাণ হিসেবে তিনি আদালতে একটি ভিডিও ফুটেজের সিডি উপস্থাপন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২৮ জুন এ দুই শিক্ষার্থীর দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওইদিন অপর দুই আসামি আব্রাহাম জোনায়েদ ও সিমিয়ন খন্দকারের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। বুধবার (৩০ জুন) রিমান্ড শেষে তাদেরও কারাগারে পাঠানো হয়।