
নিউজ ডেস্কঃ জনসমাগম নেই। যানবাহনের দৌরাত্মও নেই সড়কে। মোটরসাইকেলে করে অনেকে চলাচল করলেও জেরার মুখোমুখি হচ্ছেন ভ্রাম্যমাণ আদালত, সেনাবাহিনী, র্যাব-পুলিশের। বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে ‘কঠোর লকডাউনে’ সিলেট নগরের বিভিন্ন স্থানে এমন চিত্র দেখা গেছে। ‘লকডাউনে’ রেস্তোরাঁ খোলা রাখায় তিন ব্যবসায়ীকে গুনতে হয়েছে জরিমানা। করোনা থেকে মানুষকে সুরক্ষায় ‘লকডাউন’ বাস্তবায়নে এমন হার্ডলাইনে প্রশাসন। মহানগর ও প্রতিটি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর দখলে নগর শহরের সড়ক ও অলিগলি। এদিন সকাল সাড়ে ১০টা থেকে সেনাবাহিনীর একটি প্লাটুন পাঁচটি গ্রুপে ভাগ হয়ে জেলা প্রশাসনের কার্যালয় থেকে টহলে বের হয়। প্রতিটি টিমের সঙ্গে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে। সেইসঙ্গে র্যাব-৯ এর টহল টিম নগরে চষে বেড়াচ্ছে। পুলিশের সদস্যরা বিভিন্ন পয়েন্টে চৌকি বসিয়ে তল্লাশি চালাচ্ছেন।