
নিউজ ডেস্কঃ অক্সফোর্ড-এস্ট্রাজেনেকা টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নিলে করোনায় আক্রান্তের ঝুঁকি ১ শতাংশেরও কম। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) গবেষণায় এমন চিত্র উঠে আসে। বৃহস্পতিবার (১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সিভাসু জানিয়েছে, সিভাসুর উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশের নেতৃত্বে এক দল গবেষক দীর্ঘ দুই মাস ধরে গবেষণা করেছেন। গবেষণা দলের অন্য সদস্যরা হলেন প্রফেসর ড. শারমিন চৌধুরী, ডা. মোহাম্মদ খালেদ মোশাররফ হোসেন, ডা. ইফতেখার আহমেদ রানা, ডা. ত্রিদীপ দাশ, ডা. প্রনেশ দত্ত, ডা. মো. সিরাজুল ইসলাম, ডা. তানভীর আহমদ নিজামী। গবেষণায় তারা চট্টগ্রাম ও চাঁদপুর অঞ্চলে অক্সফোর্ড-এস্ট্রাজেনেকা টিকা গ্রহণকারী ও টিকা গ্রহণ না করা কোভিড-১৯ আক্রান্ত রোগীদের তুলনামূলক স্বাস্থ্যঝুঁকির মূল্যায়ন করেন। সিভাসু ও চাঁদপুর কোভিড-১৯ শনাক্তকরণ ল্যাবে গত ২২ এপ্রিল থেকে ২২ জুন পর্যন্ত মোট ১২ হাজার ৯৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে ২ হাজার ১৩৭ (১৬ দশমিক ৫২ শতাংশ) জনের শরীরে SARS-CoV-2 বা নোভেল করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। উক্ত কোভিড-১৯ পজিটিভ ব্যক্তিদের মধ্যে কন্টাক্ট ট্রেসিংয়ের মাধ্যমে মোট ১ হাজার ৯৫ জনের স্বাস্থ্য সংশ্লিষ্ট সব তথ্য ও উপাত্ত সম্পূর্ণরূপে পর্যবেক্ষণ করে গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়।