
নিউজ ডেস্কঃ জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া কসোভোর রাষ্ট্রপতি ড. ভিয়োসা ওসমানি সাদ্রিয়ঁর কাছে অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে তিনি পরিচয়পত্র পেশ করেন। পরিচয়পত্র পেশের পর কসোভোর রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের একটি একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।শুক্রবার (২ জুলাই) বার্লিনের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।
কসোভোর রাষ্ট্রপতিকে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছাবার্তা পৌঁছে দেন অনাবাসিক রাষ্ট্রদূত। এসময় কসোভার রাষ্ট্রপতি রাষ্ট্রদূতকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। ভিয়োসা ওসমানি সাদ্রিয়ঁর বলেন, এ দু’দেশের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও ফলপ্রসূ এবং মজবুত করা সম্ভব। এছাড়া কোভিড-১৯ অতিমারি প্রতিরোধ ও ভ্যাকসিন সমস্যা, বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন সম্ভাবনা, দ্বৈত কর পরিহার চুক্তি সম্পাদন, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টের জন্য ভিসা প্রক্রিয়া সহজিকরণ, দু’দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও ফলপ্রসু সংযোগ ইত্যাদি বিষয়ে উভয়পক্ষ মতবিনিময় করেন। জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন পরিমন্ডলে নতুন দেশ হিসেবে কসোভোর প্রতি বাংলাদেশের সমর্থনের বিষয়ে কসোভোর রাষ্ট্রপতি তার প্রত্যাশা ব্যক্ত করেন।