
নিউজ ডেস্কঃ লিঙ্গ সমতা অর্জনে বিশ্ব নেতাদের সাহসী নীতিমালা ও সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১ জুলাই) জেনারেশন ইক্যুয়িটি ফোরাম, প্যারিস আয়োজিত ‘লিঙ্গ সমতার জন্য প্রযুক্তি এবং উদ্ভাবন’ শীর্ষক অ্যাকশন কোয়ালিশন অনুষ্ঠানে ভিডিওবার্তায় এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১৯৯৫ সালে বেইজিংয়ে বিশ্ব সম্প্রদায় নারীর ক্ষমতায়নের জন্য সাহসী প্রতিশ্রুতি দিয়েছিল। দুর্ভাগ্যক্রমে এই প্রতিশ্রুতির অনেকগুলিই পূরণ হয়নি।
শেখ হাসিনা বলেন, বিশ্বব্যাপী রাজনীতি, অর্থনীতি ও শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ উৎসাহজনক নয়। বর্তমানে সংসদ সদস্যদের মধ্যে মাত্র ২৫ শতাংশ নারী, শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ পুরুষের তুলনায় এখনো ৩১ শতাংশ কম। সাহসী নীতিমালা তৈরি ও সমন্বিত পদক্ষেপের মাধ্যমে আমাদের অবশ্যই এই পরিস্থিতি বদলাতে হবে। নারীর ক্ষমতায়ন তার সরকারের অগ্রাধিকার জানিয়ে টানা তিনবারের সরকারপ্রধান শেখ হাসিনা বলেন, নারীদের তথ্য-প্রযুক্তি সেক্টরে সংযুক্তির মাধ্যমে আমাদের ডিজিটাল বাংলাদেশ ভিশন অর্থবহ হয়েছে। নারী আইটি প্রফেশনাল ও দক্ষ নারী উদ্যোক্তা তৈরি করতে সরকার বিভিন্ন বাস্তবভিত্তিক প্রকল্প চালু করেছে। নারীর প্রতি সহিংসতা মোকাবিলায় আমরা বিভিন্ন ডিজিটাল অ্যাপস ব্যবহার করছি। সাইবার প্ল্যাটফর্মগুলোতে নারীদের নিরাপত্তা বাড়াতে গত তিন বছরে ৭১ হাজারের বেশি মেয়েকে সাইবার সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।