
নিউজ ডেস্কঃ বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর বাণিজ্যিকভাবে প্রথম ভারত থেকে নদীপথ ধরে কয়লা প্রবেশ করছে বাংলাদেশে। শুক্রবার (২ জুন) দুপুরে এ যাত্রার সূচনা হয় কলকাতা বন্দরে। রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩৭৫২ টন কয়লা নিয়ে গোদাবরী কমোডিটি লিমিটেডের রাজা রিভার ওয়েজ বার্জটি আজই রওয়ানা দিয়েছে মোংলা বন্দরের উদ্দেশ্যে। কলকাতা পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান বিনিত কুমার জানান, ইন্দো-বাংলাদেশ ফ্রেন্ডশিপের মাধ্যমে খুলনায় যে তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে, সেখানেই এই কয়লা ব্যবহার করা হবে। ভারতের এনটিপিসি ও বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট করপোরেশন এই তাপ বিদ্যুৎকেন্দ্রটিতে যৌথভাবে কাজ করছে। সে কারণেই ধানবাদ থেকে আসা কয়লা নদীর মাধ্যমে মোংলা বন্দরে যাচ্ছে।
কলকাতা বন্দর কতৃপক্ষের চেয়ারম্যান আরও বলেন, আমরা অনেকদিন ধরেই পরিকল্পনা করছি নদীপথের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে ব্যবসায়িক আদান-প্রদান বাড়ানোর। কারণ, দুই দেশের মধ্যে ব্যবসায়িক আদান-প্রদান একমাত্র নদীপথেই অনেকটাই সস্তা হয়। ‘এর আগে নদী ধরে রপ্তানি হয়েছে ম্যাস, চাল, স্পঞ্জ, আয়রনসহ আরো অনেক কিছু। একইভাবে এই নদী ধরেই ভারতে আমদানি হয়েছে বাংলাদেশের পণ্য। খুশির বিষয় হলো দুই দেশের মধ্যে আগের চেয়ে ব্যবসায়িক সম্পর্ক অনেকটাই বেড়েছে। প্রতিমাসেই পশ্চিমবঙ্গ থেকে ৩০ হাজার টন কয়লা খুলনায় পৌঁছাবে। বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর এতবড় মাপের ব্যবসয়িক এক্সচেঞ্জ হচ্ছে এটা।’