
নিউজ ডেস্কঃ কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে বিধিনিষেধ না মানায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নগরের ১৬ থানা ও ট্রাফিক বিভাগ মিলে ১০টি মামলা ও ৪টি গাড়ি আটক করেছে। শুক্রবার (২ জুলাই) সকাল থেকে নগরের প্রবেশপথসহ মোট ২০টি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে সড়কে চলাচলকারী ব্যক্তিগত যানবাহন ও রিকশায় তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে সিএমপি। সকালে এরই অংশ হিসেবে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের নেতৃত্বে নগরের টাইগারপাস চেকপোস্টে তল্লাশি অভিযান পরিচালনা করেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ। এ সময় সড়কে চলাচলকারী কিছু কিছু প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেল ও রিকশা যাত্রীকে অতি জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হওয়ার পরামর্শ দেন তিনি। অভিযানে দু’জন আরোহী নিয়ে চলাচলকারী বেশ কিছু মোটরসাইকেল থামিয়ে একজন করে নামিয়ে দেওয়া হয়।