
নিউজ ডেস্কঃ করোনার সংক্রমণ রোধে ‘কঠোর লকডাউনে’ সরকার নির্দেশিত বিধিনিষেধ মানাতে দেশব্যাপী ৫৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এদিন বিধিনিষেধ অমান্য করায় সারাদেশে ২১৩ জনকে সর্বমোট ২ লাখ ১৫ হাজার ৫৪০ টাকা জরিমানা করা হয়। শুক্রবার (২ জুলাই) দিনভর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বিধিনিষেধ অমান্যকারীদের এ জরিমানা করেন।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এ এসপি আ ন ম ইমরান খান বলেন, ‘লকডাউনের’ দ্বিতীয় দিনে করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিধিনিষেধ কার্যকর ও জনসচেতনতা বাড়াতে দেশব্যাপী মাঠে ছিলেন র্যাব সদস্যরা। বিধিনিষেধ কার্যকর করতে র্যাবের নিয়মিত টহল ও চেকপোস্টের পাশাপাশি মোতায়েন ছিল অতিরিক্ত টহল ও চেকপোস্ট।