
নিউজ ডেস্কঃ টানা কয়েকদিন অতি ভারি বর্ষণের পর কিছুটা কমেছে বৃষ্টিপাত। কোথাও কোথাও দেখা মিলছে রোদের। তিন দিন পর ফের বৃষ্টিপাত বাড়ার আভাস রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশেই কমবেশি বর্ষণ হচ্ছে। তবে অতি ভারি বর্ষণের আভাস নেই। বর্তমান পরিস্থিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকবে। মেঘের উপস্থিতি কমে আসায় কোথাও কোথাও রোদের দেখাও মিলবে। বাড়বে দিনের তাপমাত্রাও।
আবহাওয়াবিদ মুহম্মদ আরিফ হোসেন জানিয়েছেন, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এ অবস্থায় আগামী রোববার (৪ জুলাই) সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় এ সময় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৮-১৫ কিলোমিটার।