
নিউজ ডেস্কঃ বৃষ্টিপাত কমে যাওয়ার সঙ্গে সঙ্গে মেঘও কেটে গেছে অনেকটা। ফলে কোথাও কোথাও দেখা দেবে ঝলমলে রোদ। এর ফলে বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। আবহাওয়া অফিস বলছে, বাতাসে আদ্রতার পরিমাণ ৮২ শতাংশ রেকর্ড করা হয়েছে। এক্ষেত্রে রোদের উজ্জলতা বাড়লে বেড়ে যাবে গরম অনুভূতি। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মােটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এই অবস্থায় রোববার (৩ জুলাই) সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। এ সময় ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৮ থেকে ১৫ কিলোমিটার। মঙ্গলবার (৬ জুলাই) নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত পাঁচদিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে।