
নিউজ ডেস্কঃ রাজধানীর শাহবাগ তোপখানা রোডে নির্যাতিত এক শিশু গৃহকর্মীকে উদ্ধার করেছে পুলিশ। তার নাম সুইটি (১২)নির্যাতনের অভিযোগে অভিযুক্ত গৃহকর্তা তানভির আহসান ও তার স্ত্রী অ্যাডভোকেট নাহিদকে গ্রেফতার করে পুলিশ। শনিবার (৩ জুলাই) রাতে পুলিশ সদর দপ্তর থেকে মো. এআইজি (মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তোপখানা রোডের একটি ভবনের ছয় তলায় ৯ মাস ধরে শিশু সুইটি গৃহকর্মীর কাজ করতো। কাজে কোনো ভুল হলে শিশুটিকে মারধোর করতো। এই নির্যাতনের চিত্র এক প্রতিবেশী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে। পরে এক বেসরকারি টেলিভিশনের সংবাদকর্মীর পোস্টটি চোখে পড়লে সেটি আমাদের কাছে পাঠায়। তাৎক্ষণিকভাবে শাহবাগ থানাকে নির্দেশ দেওয়া হয় ব্যবস্থা নিতে।
তিনি আরও জানান, ওই পোস্টে দেখা যায় ছবিতে মেয়েটির চোখের নীচে আঘাতের চিহ্ন। হাতে গুরুতর জখম এবং অপর একটি ছবিতে মেয়েটির পশ্চাৎদেশে উভয়পাশে আগুনে পোড়া ঘা চোখে পড়ে। ফেসবুকে পোস্ট দেওয়ার দেড় ঘণ্টার মাথায় শিশুটিকে উদ্ধারের পাশাপাশি স্বামী স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। শিশু সুইটির দেশের বাড়ি কিশোরগঞ্জ মিঠামইন উপজেলার নবাবপুর গ্রামের। এই ব্যাপারে শাহবাগ থানার (ওসি) মওদুদ হাওলাদার জানান, শিশুটি তাদের হেফাজতে রয়েছে। পরে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তাকে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হতে পারে। এর পাশাপাশি সেই পাষণ্ড স্বামী-স্ত্রীও পুলিশ হেফাজতে রয়েছে।