
নিউজ ডেস্কঃ দেশের উত্তরাঞ্চলের নদীগুলোর পানি বেড়ে আগামী ৪৮ ঘণ্টার (দুই দিন) মধ্যে বন্যা সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। রোববার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাস প্রতিবেদনে এই তথ্য জানায়। এদিকে পুরো পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিংয়ের পাশাপাশি এক্ষেত্রে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। মন্ত্রী এক ব্রিফিংয়ে রোববার এ কথা বলেন।
তবে বন্যা পূর্বাভাস কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও ভারত আবহাওয়া অধিদফতরের গাণিতিক মডেলের তথ্য অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও কাছাকাছি ভারতের হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম ও মেঘালয় প্রদেশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। এর ফলে এ সময়ে দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার নদীর পানি সময় বিশেষে দ্রুত বেড়ে কতিপয় স্থানে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীগুলোর পানি স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘণ্টায় কমতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।