
নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস সংক্রমণ রোধে রাজধানীসহ সারাদেশে ‘কঠোর লকডাউন’ চলছে। সরকারি নির্দেশনা ও বিধিনিষেধ অনুযায়ী জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশ থাকলেও অনেকেই তা মানছেন না। ‘কঠোর লকডাউনে’র পঞ্চম দিনে সরকারি নির্দেশনা অমান্য করে রাস্তায় বের হওয়ার দায়ে রাজধানীতে ৪১৩ জনকে গ্রেফতার ও ২৪৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯৮ হাজার ৪৫০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এছাড়াও রাস্তায় গাড়ি নিয়ে বের হওয়ার কারণে ৫২৬টি গাড়ির বিরুদ্ধে মামলাসহ ১২ লাখ ২৩ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। সোমবার (৫ জুলাই) কঠোর লকডাউনের পঞ্চম দিনে রাজধানীতে ডিএমপির ৮টি বিভাগের অভিযানে এ আইনি ব্যবস্থা নেওয়া হয়। সোমবার সন্ধ্যায় ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. ইফতেখায়রুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।