
নিউজ ডেস্কঃ অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু হত্যার সমতুল্য বলে মন্তব্য করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। সোমবার (৫ জুলাই) এক বিবৃতিতে জাসদ সভাপতি এবং সংসদ সদস্য হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক এবং সংসদ সদস্য শিরীন আখতার এ মন্তব্য করেন। বিবৃতিতে জাসদ নেতৃদ্বয় বলেন, দেশে প্রয়োজনীয় মেডিক্যাল অক্সিজেন উৎপাদন ও আমদানি হচ্ছে। বাজারে আমদানি করা পোর্টেবল অক্সিজেন প্ল্যান্ট অক্সিজেনারেটর, হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা প্রাপ্যতাও আছে। সব জেলা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট ও সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপনের জন্য বিগত অর্থবছরের বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ থাকার পরও সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর ঘটনা কেবল দায়িত্ব পালনে ব্যর্থতা ও গাফিলতিই নয়, বরং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের এ ব্যর্থতা ও গাফিলতি মানুষ হত্যার অপরাধের সমতুল্য।