News71.com
 Bangladesh
 06 Jul 21, 11:02 AM
 209           
 0
 06 Jul 21, 11:02 AM

তিস্তা-ধরলা-দুধকুমার নদীর পানি দ্রুত বাড়ার আভাস॥আগামী সপ্তাহের শুরুতে বন্যার পূর্বাভাস

তিস্তা-ধরলা-দুধকুমার নদীর পানি দ্রুত বাড়ার আভাস॥আগামী সপ্তাহের শুরুতে বন্যার পূর্বাভাস

নিউজ ডেস্কঃ সীমান্তবর্তী ভারতীয় রাজ্যগুলোতে বৃষ্টিপাত বাড়ায় বৃহস্পতিবার নাগাদ দ্রুত বাড়তে পারে তিস্তা-ধরলা-দুধকুমারের পানি। ফলে নদী অববাহিকার বিভিন্ন এলাকায় সৃষ্টি হওয়া বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে। গতকাল সোমবার (৫ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানায়। এতে বলা হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানির সমতল বাড়ছে যা বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা নদীর পানির সমতলও বাড়ছে, অপরদিকে পদ্মানদীর পানি সমতল স্থিতিশীল আছে। উভয় নদীর পানির সমতল মঙ্গলবার পর্যন্ত বাড়তে পারে। দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে যা একই সময় পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এভাবে নদ নদীর পানি বৃদ্ধি পেতে থাকলে শুক্রবারের পর যেকোন সময়ে বন্যায় তলিয়ে যেতে পারে উত্তরের বিস্তীর্ণ জনপদ।

পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া আরো জানান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও ভারত আবহাওয়া অধিদপ্তরের গাণিতিক মডেলের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার নাগাদ দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতের হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় প্রদেশের স্থানসমূহে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। এই সময়ে দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার নদীর পানি সমতল সময় বিশেষে দ্রুত বেড়ে কতিপয় স্থানে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এদিকে ব্ৰহ্মপুত্র-যমুনা নদীর পানির সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। আগামী ৯ জুলাই নাগাদ বাহাদুরাবাদ স্টেশনে যমুনা নদীর পানি সমতল বিপৎসীমার কাছাকাছি পৌঁছাতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন