
নিউজ ডেস্কঃ যমুনা নদীর পানি সিরাজগঞ্জের কাজিপুর পয়েন্টে দ্রুত গতিতে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় কাজিপুরে পানি বেড়েছে ৪৮ সেন্টিমিটার। যা গত কয়েকদিনের মধ্যে সর্বোচ্চ। অপরদিকে সিরাজগঞ্জ পয়েন্টেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বুধবার ৭ জুলাই সকালে কাজিপুরের মেঘাই ঘাটে যমুনার পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫৪ সেন্টিমিটার। যা বিপৎসীমার ১ দশমিক ৭১ মিটার নিচ দিয়ে প্রবাহিত। অপরদিকে সিরাজগঞ্জ হার্ডপয়েন্টে রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪৮ সেন্টিমিটার। যা বিপৎসীমার ৮৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়নে বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাসির উদ্দিন বলেন, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ৬ সেন্টিমিটার বাড়লেও কাজিপুর পয়েন্টে ৪৮ সেন্টিমিটার বেড়েছে। গত দেড় সপ্তাহের মধ্যে কাজিপুরে পানি বৃদ্ধির হার এটাই সর্বোচ্চ। তিনি বলেন, তবে এখন পর্যন্ত সিরাজগঞ্জবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই। বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র থেকে বলা হয়েছিল, আগামী ৮ জুলাই পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। এরপর কমতে পারে।