News71.com
 Bangladesh
 07 Jul 21, 08:31 PM
 219           
 0
 07 Jul 21, 08:31 PM

চিকিৎসককে মারধরের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার॥

চিকিৎসককে মারধরের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার॥

নিউজ ডেস্কঃ বাসায় গিয়ে করোনার নমুনা আনতে চাপ। কিন্তু জনবল না থাকায় তাৎক্ষণিক লোক পাঠাতে না পারায় কর্তব্যরত চিকিৎসককে মারধর করেন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা যুবলীগ সভাপতি মাহবুবুল আলম মনি। চিকিৎসকের মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৭ জুলাই) রাতে উপজেলা যুবলীগ সভাপতিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যায়, মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায় কয়েকজন। এসময় সরাসরি কর্তব্যরত মেডিকেল অফিসারের রুমে গিয়ে উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবুল আলম মনির বাসায় গিয়ে স্যাম্পল আনতে চাপ প্রয়োগ করে তারা। কিন্তু তাৎক্ষণিক না আনতে পারায় বাকবিতণ্ডা দেখা দেয়। এক পর্যায়ে দরজা বন্ধ করে চিকিৎসককে মারধরের অভিযোগ ওঠে।

ভুক্তভোগী চিকিৎসক এ এইচ এম সালেকিন মামুন বলেন, দুপুরের পরে আমি রুমে বসে কাজ করছিলাম। এমন সময় তারা এসে আমাকে বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করতে বলেন। তখন স্যাম্পল সংগ্রহকারীরা না থাকায় এখন যাওয়া যাবে না বললে গালাগালি শুরু করে তারা। এক পর্যায়ে আমাকে মারধর করে তারা। আমি এই ঘটনায় জড়িতদের বিচার দাবি করছি। এ ঘটনায় ভুক্তভোগী চিকিৎসক নিজেই বাদী হয়ে মুক্তাগাছা থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত যুবলীগ সভাপতি মনিসহ তার চার সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সুপার আহামার উজ্জামান বলেন, এই সময়ে চিকিৎসকেরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জীবন বাঁচানোর কাজ করছে। তাদের সাথে এ ধরনের আচরণ কাম্য নয়। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জেলায় কর্মরত চিকিৎসকেরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন